সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ি বাজারে যুবদল নেতা আলী আকবরকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী হাসি খাতুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করেন।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে ওই বাজারে যুবদল নেতা আলী আকবরকে মাথায় গুলি হত্যা করে দূর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে বৃহস্প্রতিবার রাতে নিহতের ওই স্ত্রী বাদী হয়ে ৮ জনের উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নবীদুল ইসলাম, আ’লীগ নেতা মফিজ মোল্লা, ছাত্রলীগ নেতা পথিক, যুবলীগ নেতা রিগেন তালুকদার, স্বাধীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা হেলাল উদ্দিন, যুবলীগকর্মী সুজন ও লিটনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এ হত্যাকান্ডে এখনও কেউ গ্রেফতার হননি। তবে গ্রেফতারে জোর অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।